পঞ্চগড় প্রতিনিধি: কৃষকদের সেচ সুবিধা সম্প্রসারণ, ফসলি জমির উৎপাদন বৃদ্ধি এবং কৃষিকে লাভজনক করতে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দাড়ারহাট এলাকায় তেলীপাড়া হালকা সেচ (ইলেকট্রিক ব্লক-৩) উপপ্রকল্পের উন্নয়নকাজ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
.jpeg)
প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ফসলি জমির উৎপাদন বাড়ানোই সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে পানি সম্পদ, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার।
উদ্বোধন করা প্রকল্পের আওতায় ৮ দশমিক ৯৩০ কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরণ এবং ৮৪টি আউটলেট ও পাম্পহাউস পুনর্বাসন করা হবে। প্রকল্পের কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকায় সেচ অবকাঠামোর উন্নয়ন এবং কৃষিকাজে পানির প্রাপ্যতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন হালকা সেচ (ইলেকট্রিক ব্লক-৩) উপপ্রকল্পের প্রকল্প পরিচালক পীযূষ কৃষ্ণ কুণ্ড, পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা রফিউল বারী, উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক আলী হ্যাপীসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, ১৯ কোটি ১৪ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় দেবীগঞ্জ উপজেলার সুন্দরদীঘি, দণ্ডপাল ও দেবীডুবা ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ ক্যানেলের বাঁধ পুনরাকৃতিকরণ, সিসি ক্যানেল লাইনিং, পাম্পহাউস ও আউটলেট পুনর্বাসন, কালভার্ট ও অ্যাকুইডাক্ট নির্মাণ এবং মোটর ও পাম্প স্থাপনের কাজ করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করছে পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ড।