শিরোনাম

এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন, পরিকল্পিত নাশকতার অভিযোগ

এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন, পরিকল্পিত নাশকতার অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরে গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাড়ির আসবাবপত্র পুড়ে যাওয়ার পাশাপাশি দুটি ছাগল ও কয়েকটি হাঁস-মুরগি মারা গেছে। পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে। ওই বাড়িতে বেশ কয়েকটি গবাদিপশু ছিল। সেগুলো উদ্ধার করা সম্ভব হলেও আগুনে আসবাবপত্র পুড়ে যায় এবং দুটি ছাগল মারা যায়।

নুসরাতের স্বজনদের অভিযোগ, রাতে তাঁরা বিকট শব্দ শুনতে পান। এর পরপরই বাড়ির ১০টি কক্ষে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

স্থানীয়রা জানান, বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হালিম (টম মাস্টার) আগে ওই বাড়িতে বসবাস করতেন। বর্তমানে তিনি পাশেই আরেকটি বাড়ি নির্মাণ করে সেখানে থাকেন। পুরোনো বাড়িটিতে মূলত গবাদিপশু পালন করা হয়।

এ ঘটনাকে পরিকল্পিত নাশকতা বলে দাবি করেছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ও তাঁর বাবা। তাঁদের দাবি, প্রমাণসহ সন্দেহভাজনদের নাম পুলিশের কাছে দেওয়া হয়েছে। এ ঘটনায় তাঁরা মামলা করবেন বলেও জানিয়েছেন।

ঘটনাটি পরিকল্পিত নাশকতা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করছে পুলিশ। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

নুসরাত তাবাসসুম জ্যোতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং দলটির নারী শাখা জাতীয় নারী শক্তির প্রধান সংগঠক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০-এর সংসদ সদস্য।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর