শিরোনাম

হঠাৎ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পঞ্চগড়ের ধান চাষীরা

হঠাৎ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পঞ্চগড়ের ধান চাষীরা

পঞ্চগড় প্রতিনিধি:  হেমন্তের মাঝামাঝি সময়ে আকস্মিক শিলাবৃষ্টি ও বৃষ্টিতে পঞ্চগড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমন ধানচাষিরা। কোথাও কেটে রাখা ধান বৃষ্টির পানিতে ডুবে গেছে, আবার কোথাও শিলার আঘাতে জমিতেই ঝরে পড়েছে পাকা ধান। কৃষি বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী, জেলায় প্রায় ১২ হেক্টর জমির আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে শুধু বোদা উপজেলাতেই ক্ষতির পরিমাণ প্রায় ১০ হেক্টর।

গত বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে পঞ্চগড়ে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হরিপুর ও দৌলতপুর, পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ভাটিয়াপাড়া এবং তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ও রণচণ্ডী এলাকায় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়। দুই দফায় প্রায় ১০ থেকে ১৫ মিনিট বৃষ্টি ও শিলাবৃষ্টি চলে।

এতে বিভিন্ন এলাকার আমন ধানের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়। কোথাও কেটে রাখা ধান বৃষ্টির পানিতে ডুবে গেছে, আবার কোথাও জমিতে থাকা পাকা ধান শিলার আঘাতে ঝরে পড়েছে। সকালে ক্ষেতে গিয়ে ঝরে পড়া ধান দেখে হতাশ হয়ে পড়েন কৃষকেরা। ঋণ নিয়ে চাষাবাদ করা এসব কৃষক এখন উৎপাদন খরচ তোলা নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন।

আমন মৌসুমের ধান সংরক্ষণ করে সারা বছরের খাদ্যের চাহিদা পূরণের পাশাপাশি সংসারের অন্যান্য প্রয়োজন মেটানোর পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু আকস্মিক শিলাবৃষ্টিতে সেই স্বপ্নে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ঝাঁকুয়া এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক খয়রুল আলম বলেন, ‘গতকাল সন্ধ্যার দিকে আমাদের এলাকায় প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। এতে আমার ব্যাপক ক্ষতি হয়েছে। সকালে ধানখেতে গিয়ে জমিতে ঝরে পড়া ধান দেখে ভেঙে পড়েছি। অনেক কষ্ট করে ঋণ নিয়ে ধান চাষ করেছি। এখন উৎপাদন খরচ তুলতে পারব কি না, তা নিয়েই দুশ্চিন্তায় আছি। সামনে কীভাবে সংসার চালাব, বুঝতে পারছি না।’

একই ইউনিয়নের হরিপুর এলাকার কৃষক অভিনাশ চন্দ্র রায় বলেন, ‘দুই বিঘা জমি বর্গা নিয়ে ধান চাষ করেছি। এতে ২০ হাজার টাকার বেশি খরচ হয়েছে। ধান বিক্রি করে জমির মালিকের পাওনা পরিশোধ, সংসারের খরচ চালানো এবং সারা বছরের খাবারের জন্য ধান রাখার পরিকল্পনা ছিল। কিন্তু গত রাতের বৃষ্টিতে যে ক্ষতি হয়েছে, তা কীভাবে পুষিয়ে নেব বুঝতে পারছি না।’

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও দিনের বেলায় রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকতে পারে বলে জানানো হয়েছে।

বোদা উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদুর নবী বলেন, ‘ক্ষয়ক্ষতি নিরূপণে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে কাজ করছেন। হঠাৎ বৃষ্টিতে এভাবে ক্ষতি হবে, তা আমরা ধারণা করতে পারিনি। এ মৌসুমে সাধারণত এমন আবহাওয়া দেখা যায় না। কৃষি বিভাগ সব সময় কৃষকদের পাশে রয়েছে।’

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর