নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ছিন্নমূল ও এতিম শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করেছে ঢাকার মিরপুর-২ এলাকার সোশ্যাল নেটওয়ার্ক ফাউন্ডেশন। সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে মানবিক সহায়তার অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার (৯ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আসা সুবিধাবঞ্চিত শিশু ও এতিমদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। কিশোরগঞ্জ উপজেলার কৃতী সন্তান সাবেক সচিব মামুনুর রশিদ মাজুর উদ্যোগে এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে সোশ্যাল নেটওয়ার্ক ফাউন্ডেশন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান ও কিশোরগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মাহফুজুর রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ডালিম, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোকসানা তারিক সাথী, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. আব্দুল মজিদ, মাগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা লাল এবং সোশ্যাল নেটওয়ার্ক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. নাঈম ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মামুনুর রশিদ মাজু বলেন, অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে সোশ্যাল নেটওয়ার্ক ফাউন্ডেশনের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
সোশ্যাল নেটওয়ার্ক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. নাঈম ইসলাম বলেন, মানবতার সেবায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের সংগঠনের মূল লক্ষ্য। আগামী দিনেও ছিন্নমূল ও এতিম শিশুদের জন্য বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।
আয়োজকেরা জানান, পর্যায়ক্রমে উপজেলার আরও সুবিধাবঞ্চিত শিশু ও এতিমদের সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।