ভারত থেকে পুশইনের চেষ্টার পর জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তের শূন্যরেখায় চার দিন ধরে অবস্থান করছেন এক নারী। খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টি আর রাতের ঠান্ডা উপেক্ষা করে দিন কাটছে তাঁর। মানবিক কারণে সীমান্তের স্থানীয় নারীরা তাঁকে খাবার ও পানি দিচ্ছেন। এদিকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কঠোর নজরদারিতে রয়েছে পুরো এলাকা। দ্রুত ও মানবিক সমাধানের প্রত্যাশা স্থানীয়দের।
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্ত। আন্তর্জাতিক শূন্যরেখায় চার দিন ধরে অবস্থান করছেন এক নারী। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কঠোর নিরাপত্তার কারণে কোনো দেশেই প্রবেশ করতে পারছেন না তিনি।
গত ১০ নভেম্বর মঙ্গলবার সকাল আটটার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৭৬-এর কাছ দিয়ে প্রায় ৩০ বছর বয়সী ওই নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয় বলে জানা গেছে। পরে শূন্যরেখায় অবস্থান নেন ওই নারী।
এরপর থেকে টানা চার দিন ধরে খোলা আকাশের নিচে কাটছে তাঁর সময়। দিনের তীব্র রোদ আর রাতের হিমেল ঠান্ডায় মানবেতর পরিস্থিতিতে রয়েছেন তিনি। মানবিক বিবেচনায় সীমান্ত এলাকার কয়েকজন নারী তাঁকে শুকনো খাবার ও পানি সরবরাহ করছেন।
একদিকে সীমান্তে দুই দেশের বাহিনীর সতর্ক অবস্থান, অন্যদিকে শূন্যরেখায় আটকে থাকা এক নারীর মানবিক সংকট। এ পরিস্থিতির দ্রুত অবসান চান সীমান্তের বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হবে এবং ওই নারী নিরাপদ আশ্রয় পাবেন।
শূন্যরেখায় আটকে থাকা এই নারীর পরিচয় ও জাতীয়তা নিশ্চিত হওয়া এবং তাঁর নিরাপদ অবস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি।