শিরোনাম

তরুণীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

তরুণীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় এক তরুণীকে ধর্ষণের দায়ে মো. ইউনুস আলী নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ডের পুরো অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ইউনুস আলী দেওয়ানগঞ্জ উপজেলার কুমারের চর এলাকার গাজী রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী ও আসামি একই গ্রামের বাসিন্দা। বিভিন্ন সময় যাতায়াতের পথে তরুণীকে উত্ত্যক্ত করতেন ইউনুস। একপর্যায়ে প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর মোবাইল নম্বর সংগ্রহ করেন। বিষয়টি তরুণী তাঁর পরিবারকে জানালে তাঁরা ইউনুসের অভিভাবকদের অবহিত করেন। এতে ক্ষুব্ধ হয়ে ইউনুস তাঁর ওপর আক্রোশ পোষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

এজাহারের অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাতে বাড়ির টিউবওয়েল থেকে পানি আনতে গেলে ইউনুস ওই তরুণীকে জোরপূর্বক পাশের একটি স্থানে নিয়ে ধর্ষণ করেন।

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পাবলিক প্রসিকিউটর ফজলুল হক বলেন, ঘটনার পর ২৯ সেপ্টেম্বর ভুক্তভোগী জামালপুর আদালতে মামলা করেন। মামলায় রাষ্ট্রপক্ষ সাতজন সাক্ষী উপস্থাপন করে। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর