প্রতিনিধি, সৈয়দপুর, নীলফামারী: দিনাজপুরের পার্বতীপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাইবোন।
নিহত শিশুরা হলো—শহিদুল ইসলামের মেয়ে ৮ বছর বয়সী ইসরাত জাহান ইভা এবং রানা বাবুর ছেলে ৪ বছর বয়সী সালমান শাহ। স্থানীয়দের ধারণা, পুকুরের পানিতে ছোট ভাই সালমান তলিয়ে যেতে দেখে তাকে বাঁচাতে গিয়ে ইভাও পানিতে ডুবে যায়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, বাড়ির উঠানে খেলার সময় পরিবারের সদস্যদের অসতর্কতার সুযোগে কোনো একসময় দুই শিশু পাশের পুকুরের পানিতে পড়ে যায়। এতে তাদের মৃত্যু হয়।
পার্বতীপুর থানার উপপরিদর্শক (এসআই) নিপেন জানান, প্রথমে প্রতিবেশীরা পুকুরের পানিতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন। পরে তল্লাশি চালিয়ে নিখোঁজ অপর শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।