পঞ্চগড়ে অভিনয়ের মাধ্যমে বাল্যবিবাহ ও মাদকের ভয়াবহতা তুলে ধরেছেন একদল তরুণ-তরুণী। কখনো মাদকাসক্ত তরুণ, কখনো ইভটিজিংয়ের শিকার কিশোরী, আবার কখনো বাল্যবিবাহের কারণে শিক্ষাজীবন থেকে ঝরে পড়া মেয়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দেন তাঁরা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় চিনিকল উচ্চবিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে এ ব্যতিক্রমী সচেতনতামূলক আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আয়োজকেরা জানান, বাল্যবিবাহ ও মাদকের ভয়াবহতা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে প্রচলিত সভা-সেমিনারের পাশাপাশি এবার অভিনয়কে সচেতনতামূলক মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয়েছে। অভিনয়ের বিভিন্ন দৃশ্যে বাল্যবিবাহের কারণে কিশোরীর শিক্ষাজীবন থেমে যাওয়া, মাদকের কারণে একজন তরুণের জীবন বিপর্যস্ত হওয়া এবং ইভটিজিংয়ের নেতিবাচক প্রভাব তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
মানব কল্যাণ যুব সংগঠনের সভাপতি পারভেজ ইসলাম রাজ ও সাধারণ সম্পাদক আবু জাফর রাহাত বলেন, সামাজিক সচেতনতা তৈরির পাশাপাশি পরিবেশ রক্ষার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এ কারণে সচেতনতামূলক আয়োজনের সঙ্গে বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি যুক্ত করা হয়েছে। ব্যতিক্রমী এ উদ্যোগে স্থানীয়দেরও ব্যাপক আগ্রহ দেখা গেছে।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা বলেন, “শুধু আইন প্রয়োগের মাধ্যমে বাল্যবিবাহ ও মাদকের মতো সামাজিক সমস্যা দূর করা সম্ভব নয়। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অভিনয় ও গাছ বিতরণের মাধ্যমে তরুণদের সচেতন করার এ উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।”
এর আগে আয়োজন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানব কল্যাণ যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান পরিদর্শক এবং পঞ্চগড় চিনিকল উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলারা আলোর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জিপি অ্যাডভোকেট আব্দুল বারী, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিদর্শক নিশাদুর রহমান, সভাপতি পারভেজ ইসলাম রাজ ও সাধারণ সম্পাদক আবু জাফর রাহাতসহ অনেকে।
আয়োজক সূত্রে জানা যায়, ২০২১ সাল থেকে মানব কল্যাণ যুব সংগঠনটি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সভা, প্রচারাভিযান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দীর্ঘদিন ধরে এসব বিষয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করছে সংগঠনটি।
আয়োজকদের মতে, তরুণদের অংশগ্রহণে অভিনয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক সমস্যাগুলো তুলে ধরলে তা সাধারণ মানুষের মধ্যে সহজেই সচেতনতা তৈরি করতে পারে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
পঞ্চগড়
৯ সেপ্টেম্বর ২০২৬