শিরোনাম

ইসহাক জোমাদ্দার হত্যা মামলায় সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

ইসহাক জোমাদ্দার হত্যা মামলায় সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

রাজধানীর আদাবর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিএনপি নেতা ইসহাক জোমাদ্দারকে গুলি করে হত্যার মামলায় ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৩০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদাবর থানার উপপরিদর্শক (এসআই) মহেশ চন্দ্র সিংহ তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, নিহত ইসহাক জোমাদ্দার (৫০) আদাবর থানা এলাকার সাবেক ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে আদাবর থানার শ্যামলী ক্লাব মাঠের বিপরীতে আন্দোলন চলাকালে তিনি গুলিবিদ্ধ হন। পরে গুরুতর অবস্থায় তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, তৎকালীন আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় ইসহাক জোমাদ্দার নিহত হন। মামলার সুষ্ঠু তদন্ত এবং গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে যাওয়া ঠেকাতে শাহজাহান ওমরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, শাহজাহান ওমরের বিরুদ্ধে নিউমার্কেট থানা, ঝালকাঠির রাজাপুর থানাসহ বিভিন্ন থানায় হত্যা, দুর্নীতি ও বিস্ফোরক আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

আদালতের আদেশের ফলে ইসহাক জোমাদ্দার হত্যা মামলায় সাবেক এই সংসদ সদস্যকে আনুষ্ঠানিকভাবে সন্দিগ্ধ আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হলো।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর