টানা চার দিনের ভারী বর্ষণে বান্দরবান-চট্টগ্রাম সড়কের লাল ব্রিজ সংলগ্ন এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে সড়কের ওপর বিপুল পরিমাণ মাটি ও গাছ পড়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে কসাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পাহাড়ধসের কারণে সড়কের উভয় পাশে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহন আটকা পড়ে। এতে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
বান্দরবান-চট্টগ্রাম (কেরানীহাট) সড়কটি জেলার প্রধান প্রবেশপথ। এই সড়ক দিয়েই বান্দরবানের সঙ্গে ঢাকা ও দেশের বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ পরিচালিত হয়। ফলে পাহাড়ধসের ঘটনায় জেলার সঙ্গে সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সড়কের ওপর জমে থাকা মাটি ও গাছ অপসারণের কাজ শুরু করেন। দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও কাজ করছে।
এদিকে টানা বর্ষণের কারণে জেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। জেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢালে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পাশাপাশি সড়কে চলাচলকারী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।