ফরিদপুরের নগরকান্দা উপজেলার দক্ষিণ কান্দী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের বিশ্বরোড সংলগ্ন স্থান থেকে একটি অর্ধগলিত অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে স্থানীয় লোকজন দুর্গন্ধ পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশে মরদেহটি দেখতে পান। পরে তারা নগরকান্দা থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার এবং প্রাথমিক তদন্ত শুরু করে।
ওসি রাসুল সামদানী আজাদ বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছি। এখনো মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত করতে সিআইডির ফরেনসিক টিম কাজ করছে। পরিচয় শনাক্ত হলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”
মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। স্থানীয়দের ধারণা, মরদেহটি একজন পুরুষের হতে পারে। তবে পুলিশ পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।
পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।