শিরোনাম
জেলাজুড়ে ক্ষোভ ও নিন্দার ঝড়

মাদকসেবীদের নির্মম নির্যাতনের শিকার সেই বৃদ্ধার মৃত্যু

মাদকসেবীদের নির্মম নির্যাতনের শিকার সেই বৃদ্ধার মৃত্যু

নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে মাদকসেবীদের নির্মম নির্যাতনের শিকার হওয়া সেই অসহায় বৃদ্ধা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, দুঃখজনকভাবে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। গতকাল রাতে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হচ্ছিল। তবে পথিমধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে ওই বৃদ্ধা একাকী মেথিকান্দা রেলস্টেশন এলাকায় বসবাস করতেন। তার বাড়ি কোথায় কিংবা পরিবারের কোনো সদস্য জীবিত আছেন কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

জানা গেছে, গত পরশু একদল মাদকসেবী ওই বৃদ্ধার ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে এবং তার কাছে থাকা সবকিছু ছিনিয়ে নেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

নিহত বৃদ্ধার মরদেহ বর্তমানে নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মেথিকান্দা রেলস্টেশন এলাকাতেই তাকে দাফন করা হবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর