শিরোনাম

শিরোনাম: শিবপুরে গৃহবধূর বিষপানে মৃত্যু; ভাসুরের নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ

শিরোনাম: শিবপুরে গৃহবধূর বিষপানে মৃত্যু; ভাসুরের নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ

 

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি>

নরসিংদীর শিবপুর উপজেলায় এক গৃহবধূর বিষপানে মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের অভিযোগ, ভাসুরের মারধর ও মানসিক নির্যাতনের পর তিনি বিষপান করেন। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার বাঘাব ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামের আব্দুল গফুরের দুই ছেলে বাদল মিয়া ও আব্দুস সাত্তারের মধ্যে বৃদ্ধ মা-বাবার ভরণপোষণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো।

পরিবারের অভিযোগ, গত ৫ জুলাই দুই ভাইয়ের মধ্যে বিরোধের একপর্যায়ে বড় ভাই বাদল মিয়া ছোট ভাইয়ের স্ত্রী আরিফা বেগমকে (২৭) কাঠ দিয়ে মারধর করেন। এতে তিনি আহত হন। ওই দিনই সৌদি আরবে যাওয়ার নির্ধারিত ফ্লাইট থাকায় স্বামী আব্দুস সাত্তার দেশ ছেড়ে যান। পরে বিকেলে আবারও আরিফাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

স্বজনদের দাবি, এ ঘটনার পর আরিফা তাঁর ২০ মাস বয়সী ছেলে রিয়াদুলকে বিষপান করিয়ে নিজেও বিষপান করেন। পরে গুরুতর অবস্থায় মা ও শিশুকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ জুলাই বিকেলে আরিফার মৃত্যু হয়। শিশুটি বর্তমানে ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে আব্দুস সাত্তার মঙ্গলবার রাতে দেশে ফিরে আসেন। তাদের সংসারে দুই মেয়ে—তাইয়েবা (১০) ও হাফসা (৮)—এবং একমাত্র ছেলে রিয়াদুল (২০ মাস) রয়েছে।

এ বিষয়ে নিহতের স্বামী আব্দুস সাত্তারের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও বিস্তারিত মন্তব্য পাওয়া যায়নি।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। স্বামী আব্দুস সাত্তার মিয়া বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ এবং পরবর্তী আইনগত ব্যবস্থা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর