‘আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম। এছাড়া বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক নুরেল হক, ক্লাসিক্যাল হ্যান্ডমেইড বিডি লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক আসাদুজ্জামান আসাদ এবং নাসিব জেলা সভাপতি আব্দুল মোমেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পরিবেশ সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিবেশ দূষণ রোধে শিল্প-কারখানাগুলো যেন পরিবেশগত বিধি মেনে পরিচালিত হয়, সে বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নীলসাগর আদর্শ বিদ্যাপীঠের সৈয়দ আবরার ও পূজা সাহাসহ মোট ১৪ জন বিজয়ীর হাতে ক্রেস্ট ও গাছের চারা তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, পরিবেশকর্মী এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।