শিরোনাম

সৈয়দপুরে আবারও উচ্ছেদ অভিযান, দখলমুক্ত হলো ফুটপাত-সড়ক

সৈয়দপুরে আবারও উচ্ছেদ অভিযান, দখলমুক্ত হলো ফুটপাত-সড়ক

নীলফামারীর সৈয়দপুরে যানজট নিরসন ও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌরসভা। সোমবার (১৭ আগস্ট) দুপুরে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক, শহীদ ডা. শামসুল হক সড়ক ও শহীদ জহরুল হক সড়কে এ অভিযান চালানো হয়।

অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে রাখা দোকানের মালামাল সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে দোকানের বর্ধিত অবৈধ অংশও অপসারণ করা হয়। ব্যবসায়ীদের দোকানের সামনের জায়গা দখল না করা এবং সড়ক ও ফুটপাতে মালামাল না রাখার বিষয়ে সতর্ক করা হয়। এ সময় শহীদ জহরুল হক সড়কের একটি পাবলিক টয়লেটও দখলমুক্ত করা হয়।

পৌরসভা সূত্রে জানা গেছে, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অনেক ব্যবসায়ী ফুটপাত ছাড়িয়ে সড়কের ওপর পণ্য রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিলেন। তাদের দোকানের সামনে থাকা অবৈধ বর্ধিত অংশও অপসারণ করা হয়।

সৈয়দপুর শহরের ব্যস্ততম সড়কগুলোর অন্যতম শহীদ ডা. শামসুল হক সড়ক দীর্ঘদিন ধরে অবৈধ দখলের কারণে সংকুচিত হয়ে পড়েছিল। ব্যবসায়ীদের কেউ কেউ সড়কের ওপর পণ্য রাখার পাশাপাশি চকি পেতে ব্যবসা পরিচালনা করায় নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছিল। এতে পথচারী ও যানবাহন চালকদের ভোগান্তি বাড়ছিল।

এ সমস্যা সমাধানে ব্যবসায়ী সমিতির সঙ্গে একাধিকবার আলোচনা করা হলেও কার্যকর সমাধান না হওয়ায় অভিযান চালানো হয়। এ সময় সড়ক দখল করে ব্যবসা পরিচালনাকারীদের সতর্ক করে পুনরায় দখল করলে আইনগত ব্যবস্থা ও জরিমানা করার হুঁশিয়ারি দেওয়া হয়। অভিযানের সময় অনেক ব্যবসায়ীকে নিজ উদ্যোগে সড়ক থেকে মালামাল সরিয়ে নিতে দেখা যায়।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, যানজট নিরসন ও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে রাখা মালামাল এবং বর্ধিত অংশ অপসারণ করা হয়েছে। যানজট নিরসন এবং সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর