‘লেখাপড়ার সাথে খেলাধুলা করি, সুস্থ ও সুন্দর জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাট শহরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় মাজেদা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম. এ. সালামের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে শহরের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়।
এ সময় এম. এ. সালাম বলেন, শিশুদের শুধু লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করতে হবে। খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি পরিবেশ রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে মাজেদা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান, স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিশুদের সুস্থ-সুন্দর জীবন গঠন, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থী ও সমাজের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।