নরসিংদীর সদর উপজেলার মাধবদীতে একই রাতে তিনটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় তিনজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১১ জুলাই) সকালে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের পদ্মারকান্দা দীঘিরপাড় এলাকায় ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল একযোগে তিনটি বাড়িতে হানা দেয়। তারা নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের বাধা দিতে গেলে তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পালিয়ে যাওয়ার সময় তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
ভুক্তভোগী মিনহাজুল ইসলাম জানান, রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে ডাকাতরা বাড়ির প্রধান ফটক টপকে ভেতরে প্রবেশ করে এবং তালা ভেঙে ঘরে ঢোকে। ঘটনার সময় তিনি বাসায় একা ছিলেন। চিৎকার করলে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয় ডাকাতরা।
মাধবদী থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।