শিরোনাম

অধিক্ষেত্র রক্ষায় পঞ্চগড়ে কাজীদের অবস্থান কর্মসূচি ও কলমবিরতি

অধিক্ষেত্র রক্ষায় পঞ্চগড়ে কাজীদের অবস্থান কর্মসূচি ও কলমবিরতি

পঞ্চগড় প্রতিনিধি: নিজ নিজ এলাকার অধিক্ষেত্র রক্ষা, পেশাগত নিরাপত্তা ও আর্থিক সুরক্ষার দাবিতে পঞ্চগড়ে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা (কাজী)। তাঁদের দাবি, প্রতি ইউনিয়নে বর্তমানে একজন করে কাজী নিয়োগের ব্যবস্থা বহাল রাখতে হবে। পাশাপাশি সাধারণ শিক্ষায় সনদধারী ব্যক্তিদের নিকাহ রেজিস্ট্রার হিসেবে নিয়োগ না দেওয়ার নিশ্চয়তা দিতে হবে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজী) সমিতি ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি ঐক্য পরিষদ, পঞ্চগড়ের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে কাজীরা বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে বিয়ে ও তালাক নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ সামাজিক ও আইনগত দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু অধিক্ষেত্রের সুরক্ষা, পেশাগত নিরাপত্তাহীনতা ও নানা ধরনের হয়রানির কারণে তাঁদের দায়িত্ব পালন কঠিন হয়ে পড়েছে।

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজী) সমিতি ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি ঐক্য পরিষদ, পঞ্চগড়ের সভাপতি এআরএম শহিদুল ইসলাম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে আইন মেনে নিজ নিজ এলাকায় নিকাহ ও তালাক নিবন্ধনের দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে একটি স্বার্থান্বেষী মহল এক ইউনিয়নে একাধিক কাজী নিয়োগের ব্যাপারে সরকারের সঙ্গে যোগসাজশ করছে, যা নিকাহ রেজিস্ট্রারদের জন্য অত্যন্ত দুঃখজনক।’

তিনি আরও বলেন, কাজীরা সরকারি কোনো বেতন-ভাতা পান না। নিবন্ধন ফি থেকেই তাঁদের জীবিকা নির্বাহ করতে হয়। তাই বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে নিবন্ধন ফি পুনর্নির্ধারণ এবং দায়িত্ব পালনে কাজীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

কর্মসূচি থেকে কাজীদের বর্তমান নির্ধারিত এলাকা সংরক্ষণ, নিবন্ধন ফি পুনর্নির্ধারণ, পেশাগত নিরাপত্তা ও আইনি সুরক্ষা প্রদানের দাবি জানানো হয়। এ ছাড়া বাল্যবিয়ে প্রতিরোধে কাজীদের আইনি ক্ষমতা ও সামাজিক নিরাপত্তা জোরদার এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে কার্যকর সমন্বয়ের দাবিও জানান তাঁরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজী) সমিতি ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি ঐক্য পরিষদ, পঞ্চগড়ের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সদর উপজেলার সভাপতি আরাফাত ইদ্রিস, দেবীগঞ্জ উপজেলার সভাপতি শামসুল আলম, বোদা উপজেলা সভাপতি মাসরুর আলম রাজু, তেঁতুলিয়া উপজেলা সভাপতি আজমত আলী, আটোয়ারী উপজেলা সভাপতি আব্দুল মোত্তালেবসহ জেলার বিভিন্ন এলাকার নিকাহ রেজিস্ট্রাররা।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর