শিরোনাম

এতিম শিশুদের রাতের উষ্ণতা: ইউএনও আরিফুরের ভালোবাসার কম্বল

এতিম শিশুদের রাতের উষ্ণতা: ইউএনও আরিফুরের ভালোবাসার কম্বল

নীলফামারী প্রতিনিধি: প্রকৃতিতে তখন হেমন্তের শেষ কিংবা শীতের আগমনী বার্তা। সন্ধ্যার পর থেকেই কুয়াশার চাদরে ঢেকে যেতে শুরু করেছে উত্তরের জনপদ নীলফামারী। হাড়কাঁপানো শীত নামার আগেই শীতার্ত মানুষের কষ্ট লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান। কোনো আনুষ্ঠানিক সভা বা মঞ্চে নয়, গভীর রাতে গাড়ি নিয়ে সরাসরি ছুটে গেছেন উপজেলার এতিমখানাগুলোতে। নিজের হাতে শিশুদের গায়ে জড়িয়ে দিয়েছেন উষ্ণতার কম্বল। এতে এতিম শিশুদের মুখে ফুটেছে আনন্দের হাসি।

গত রোববার রাতে ঘটে এ ঘটনা। কনকনে ঠান্ডা উপেক্ষা করে ইউএনও আরিফুর রহমান নিজেই গাড়িতে কম্বল নিয়ে ঘুরে বেড়ান উপজেলার প্রত্যন্ত অঞ্চলে। রাতে নিতাই ইউনিয়নের বাইতুস সালাম হাফিজিয়া এতিমখানা ও পাগলার বাজার নূরানী হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার ১০১ জন শিক্ষার্থীর হাতে তুলে দেন শীতের কম্বল।

এর আগে শনিবার একই ইউনিয়নের মৌলভীরহাট আকবারিয়া জান্নাত বাগ হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার ৫৫ জন শিক্ষার্থী এবং পাঁচজন পথচারীর হাতেও তুলে দেওয়া হয় শীতবস্ত্র। দুই দিনে মোট ১৬১ জন এতিম শিক্ষার্থী ও পাঁচজন পথচারী পেয়েছেন শীত নিবারণের এই উপহার।

এ উদ্যোগে ইউএনওর সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লতিফুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ফেরদৌস আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের এমন সৌহার্দ্যপূর্ণ উপস্থিতি স্থানীয় মানুষের মধ্যেও প্রশংসা কুড়িয়েছে।

শীতের তীব্রতা বাড়ার আগেই কম্বল হাতে পেয়ে আনন্দিত হয়ে ওঠে এতিম শিশুরা। শিক্ষার্থীরা জানায়, ‘আমাদের শীত নিবারণে এ কম্বল খুব কাজে দেবে। রাতে আর আমাদের ঠান্ডায় কষ্ট পেতে হবে না।’

স্থানীয় বাসিন্দা আব্দুল বাসেত (৫৫) এ উদ্যোগের প্রশংসা করে বলেন, শীতের তীব্রতা চূড়ান্ত রূপ নেওয়ার আগেই প্রশাসনের এমন তাৎক্ষণিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে সমাজের অন্যান্য বিত্তবান মানুষও এতিম ও দুস্থদের পাশে দাঁড়াতে উৎসাহিত হবেন।

প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের প্রতি এমন মমত্ববোধ ও দায়বদ্ধতার উদ্যোগ স্থানীয় পর্যায়ে মানবিক সহায়তার দৃষ্টান্ত তৈরি করেছে। ইউএনও আরিফুর রহমানের এ পদক্ষেপে উত্তরের শীতার্ত এতিম শিশুদের জীবনে এসেছে উষ্ণতার পরশ।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর