শিরোনাম

সৈয়দপুরে ৩০০ অটোবাইক ব্যাটারি জব্দ করল কাস্টমস

সৈয়দপুরে ৩০০ অটোবাইক ব্যাটারি জব্দ করল কাস্টমস

নীলফামারীর সৈয়দপুরে কাগজপত্রে অসঙ্গতির অভিযোগে একটি ট্রাক থেকে ৩০০ পিস অটোবাইকের ব্যাটারি জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার (১৯ আগস্ট) বিকেলে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার সৈয়দপুর-পার্বতীপুর সড়কের সওজ ভবনের সামনে থেকে ব্যাটারিগুলো জব্দ করা হয়।

জানা গেছে, ট্রাকটিতে মাদকদ্রব্য রয়েছে—এমন সন্দেহে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশকে খবর দেন। পরে তল্লাশি করে মাদক না পেলেও ট্রাকে ৩০০ পিস অটোবাইকের ব্যাটারি পাওয়া যায়। চালক জানান, ব্যাটারিগুলো সৈয়দপুর শহরের একটি প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছিল।

চালানপত্র যাচাই করতে গিয়ে কাস্টমস কর্তৃপক্ষ অসঙ্গতি দেখতে পায়। নারায়ণগঞ্জের জুয়াওনজু এন্টারপ্রাইজ থেকে ব্যাটারিগুলো কেনা হলেও চালানে প্রাপকের নাম উল্লেখ করা হয়েছে ‘সাজ্জাদ সাইকেল স্টোর’। তবে সৈয়দপুরে এ নামে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি বলে স্থানীয়রা দাবি করেন।

পরে কাস্টমস কর্তৃপক্ষ ট্রাকটি সৈয়দপুর থানায় নিয়ে যায়। সেখানে ব্যাটারিগুলো নামিয়ে গণনা করা হলে ৩০০ পিস, অর্থাৎ ১৫০ সেট ব্যাটারি পাওয়া যায়। পরে সেগুলো কাস্টমসের হেফাজতে রংপুরের গোডাউনে নেওয়া হয়।

সৈয়দপুর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা সাহাবুদ্দিন মজুমদার বলেন, ব্যাটারিগুলোর মালিক উপস্থিত না থাকায় সেগুলো জব্দ করা হয়েছে। যথাযথ কাগজপত্র নিয়ে মালিকানা দাবি করা হলে যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ট্যাক্স বা ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, মাদক থাকার সন্দেহে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশকে খবর দেন। পরে তল্লাশিতে মাদক না পাওয়ায় ব্যাটারিগুলো ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে স্থানীয়রা কাস্টমস কর্তৃপক্ষকে খবর দিলে তারা এসে ব্যাটারিগুলো জব্দ করে নিজেদের হেফাজতে নেয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর