বিশ্ব শিক্ষক দিবস–২০২৬ উপলক্ষে রংপুর বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে তিনজনকে নির্বাচিত করা হয়েছে। তাঁদের মধ্যে নীলফামারীর সৈয়দপুর উপজেলার ফ্রি-আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ফাতেমা পারভীন রয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের পক্ষ থেকে এ ফলাফল ঘোষণা ও প্রজ্ঞাপন জারি করা হয়।
শিক্ষাক্ষেত্রে নিষ্ঠা, মেধা, দায়িত্ববোধ ও অবদানের স্বীকৃতি হিসেবে মোছা. ফাতেমা পারভীনকে রংপুর বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত করা হয়েছে।
রংপুর বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত অপর দুজন হলেন দিনাজপুরের বিরল উপজেলার ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাজ আল মিনা এবং লালমনিরহাট সদর উপজেলার খোচবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পাপিয়া সুলতানা।
ফাতেমা পারভীন বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় সৈয়দপুর ও নীলফামারীর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।