নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ১৬৫ জন অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) খালিশা বেলপুকুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে কাসেম ফাউন্ডেশনের (মরিয়ম চক্ষু হাসপাতাল, সৈয়দপুর) আয়োজনে এবং সেতুবন্ধন পাঠাগারের সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, লেন্সসহ ছানি চিকিৎসা এবং চশমা দেওয়া হয়। দিনব্যাপী এ সেবামূলক কার্যক্রমে স্থানীয় মানুষের ব্যাপক সাড়া পাওয়া যায়।
.jpeg)
ক্যাম্পের সেবা পরিসংখ্যান অনুযায়ী, ১৬৫ জনকে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়। এর মধ্যে ৫৬ জনের দৃষ্টিশক্তি পরীক্ষা করা হয়। এছাড়া ২৫ জনের লেন্সসহ ছানি চিকিৎসা সম্পন্ন করা হয় এবং ৩১ জনকে বিনামূল্যে চশমা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতুবন্ধন পাঠাগারের সাধারণ সম্পাদক ও খালিশা বেলপুকুর স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান হাসু। সভাপতিত্ব করেন সেতুবন্ধন পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিয়ম চক্ষু হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. শাফিউল হাসান, সেতুবন্ধন পাঠাগারের সিনিয়র সহ-সভাপতি আজারুল ইসলাম ও অর্গানাইজার মো. হুমায়ুন রশিদ চৌধুরীসহ অন্যরা।
সংশ্লিষ্টরা জানান, প্রত্যন্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের মানবিক কার্যক্রম স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।