শিরোনাম

শিক্ষার্থীদের আল্টিমেটামে চাপে কারমাইকেল কলেজ প্রশাসন

শিক্ষার্থীদের আল্টিমেটামে চাপে কারমাইকেল কলেজ প্রশাসন

রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের ২৫ দফা দাবি বাস্তবায়নে আগামী ২৮ জুলাইয়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থী প্রতিনিধি মুহাফিজ মোস্তফা, মাহমুদুল হাসান মাসুম ও হাফিজুল ইসলাম এ আল্টিমেটামের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ২০২৫ সালের আন্দোলনের পর কলেজ প্রশাসন ২৫ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিলেও এক বছর পার হলেও অধিকাংশ দাবির কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। একাডেমিক কার্যক্রমের মানোন্নয়ন, কেন্দ্রীয় লাইব্রেরিতে প্রয়োজনীয় বই সরবরাহ, বিভিন্ন শিক্ষার্থী ক্লাব প্রতিষ্ঠা, আবাসন ও যাতায়াত ব্যবস্থার উন্নয়নসহ গুরুত্বপূর্ণ দাবিগুলো এখনও বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসনিক অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে তারা বিভিন্ন ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ এ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের দুর্ভোগ বাড়ছে।

তারা বলেন, আগামী ২৮ জুলাইয়ের মধ্যে দাবিগুলোর বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে বৃহত্তর আন্দোলন ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে কলেজ প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

এ বিষয়ে কারমাইকেল কলেজের অধ্যক্ষ আবুল হোসেন মন্ডল বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়ে প্রশাসন আন্তরিক। যেসব দাবি কলেজ প্রশাসনের এখতিয়ারের মধ্যে রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আর যেসব বিষয়ে উচ্চপর্যায়ের অনুমোদন বা বরাদ্দ প্রয়োজন, সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

তিনি শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, কলেজের সার্বিক উন্নয়নে প্রশাসন কাজ করছে এবং যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর