শিরোনাম

কালীগঞ্জে ডাকাতির ঘটনায় গৃহকর্ত্রী খুন, স্বামী ও মেয়ে গুরুতর আহত

কালীগঞ্জে ডাকাতির ঘটনায় গৃহকর্ত্রী খুন, স্বামী ও মেয়ে গুরুতর আহত

গাজীপুরের কালীগঞ্জে ডাকাতির ঘটনায় কামরুন আক্তার নামে এক গৃহকর্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী মনজুরুল হক ও ১৬ বছর বয়সী মেয়ে সানজিদা আক্তার গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার নাগরী ইউনিয়নের নগরভেলা তেঁতুইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল ডাকাত ওই বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে কামরুন আক্তারকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলায় তার স্বামী ও মেয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত মনজুরুল হক ও সানজিদা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ ও পরিবারের দাবি, বৃহস্পতিবার ওই পরিবার একটি এনজিও থেকে ২০ লাখ টাকা তুলেছিল। ওই টাকা লুটের উদ্দেশ্যেই ডাকাতরা বাড়িতে হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে পরিবারের আহত সদস্যরা হাসপাতালে থাকায় বাড়ি থেকে কোনো টাকা বা মালামাল লুট হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর