শিরোনাম

কুচিয়া সংগ্রহ করেই চলে মঙ্গল রায়ের সংসার

কুচিয়া সংগ্রহ করেই চলে মঙ্গল রায়ের সংসার

নীলফামারী প্রতিনিধি: পায়ের নিচে থিতু হওয়া কাদামাটি আর চারপাশের নিস্তব্ধ জলাশয়—এটাই যেন মঙ্গল রায়ের (৪২) প্রতিদিনের চেনা জগৎ। কুচিয়া শিকারের পেশায় জীবনের দীর্ঘ ২০টি বছর কাটিয়ে দিয়েছেন তিনি। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চেয়ারম্যানপাড়ায় শ্বশুরবাড়িতে বসবাস করা এই মানুষটির জীবন কেবল একটি ব্যতিক্রমী জীবিকার লড়াই নয়, বরং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনসংগ্রাম ও ঘুরে দাঁড়ানোর এক অনুপ্রেরণার গল্প।

মঙ্গল রায়ের জীবন ও জীবিকা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে প্রকৃতির চক্রের সঙ্গে। সারা বছর কমবেশি কুচিয়া ধরা হলেও বাংলা বছরের চৈত্র মাস যেন তাঁর জন্য আশীর্বাদ হয়ে আসে। এ সময় জলাশয় ও বিলের পানি কমে যাওয়ায় কুচিয়া বেশি পাওয়া যায়।

কুচিয়া শিকারের কৌশলও বেশ বৈচিত্র্যময় ও শ্রমসাধ্য। পুরোনো বিলের গর্ত কিংবা নতুন গর্তের মুখে কেঁচো টোপ হিসেবে ব্যবহার করে বর্শির সাহায্যে কুচিয়া শিকার করেন তিনি। এ ছাড়া পেয়া, ইচিলা, পুঁটি কিংবা ছোট মাছ দিয়েও চলে কুচিয়া ধরার নানা কৌশল।

সংসারের জটিল বাস্তবতায় একা নন মঙ্গল। তাঁর কুচিয়া সংগ্রহ ও বিক্রির কাজে ছায়ার মতো পাশে থেকে সহযোগিতা করেন স্ত্রী একাদশী। স্বামী-স্ত্রীর যৌথ শ্রমেই মূলত সচল থাকে তাঁদের সংসারের চাকা।

মঙ্গল রায়ের ছয় সদস্যের পরিবারে রয়েছেন বৃদ্ধ শ্বশুর-শাশুড়িও। তিন কন্যাসন্তানের এই সংসারে কোনো পুত্রসন্তান নেই। বড় মেয়ের বিয়ে হয়েছে। তাঁর স্বামী মহেন্দ্র পেশায় একজন গাড়িচালক। বাকি দুই মেয়ে এখনো পড়াশোনা করছে। অভাবের কারণে মাঝেমধ্যে হাঁপিয়ে উঠলেও মেয়েদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন কখনো থেমে থাকেনি এই দম্পতির।

কুচিয়া বিক্রি করে মঙ্গলের দৈনিক আয় নির্দিষ্ট নয়। কোনো দিন ৬০০ টাকা, আবার কোনো দিন আয় হয় তিন হাজার টাকা পর্যন্ত। জলাশয়ের পানি কমে গেলে কুচিয়া শিকারের পরিমাণ বাড়ে, সেই সঙ্গে বাড়ে আয়ও। তবে দিনশেষে যা উপার্জন হয়, তা দিয়েই ছয় সদস্যের সংসার কোনোমতে চালিয়ে নিচ্ছেন তাঁরা।

২০ বছরেরও বেশি সময় ধরে কুচিয়া সংগ্রহ ও বিক্রি করে আসা মঙ্গল বড় কোনো প্রাপ্তির প্রত্যাশা করেন না। তাঁর চাওয়া, খেয়ে-পরে বেঁচে থাকা এবং মেয়েদের মানুষের মতো মানুষ করা। সমাজের কোলাহল থেকে দূরে জল-কাদার মধ্যে কুচিয়া শিকার করে জীবিকা নির্বাহ করা মঙ্গলের জীবনসংগ্রাম মনে করিয়ে দেয়, কঠোর পরিশ্রম আর পরিবারের প্রতি ভালোবাসাই মানুষকে প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার শক্তি জোগায়।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর