জেলা প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়াল সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে করে তিনজন সফিপুর উড়াল সেতু পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাতনামা একটি গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। পরে তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।