শিরোনাম

আত্মসমর্পণের পর ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমণি

আত্মসমর্পণের পর ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমণি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিন পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাঁর জামিন মঞ্জুর করেন আদালত।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে একটি সাদা ব্যক্তিগত গাড়ি থেকে নামেন পরীমণি। বেলা ১১টা ৫৫ মিনিটে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন তিনি। একই সঙ্গে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার আদালত তাঁর মক্কেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে বুধবার মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে আদালতে উপস্থিত হননি পরীমণি। তাঁর পক্ষে সময় চেয়ে আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেন। পরে তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

আদালতে অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করে পরীমণির আইনজীবী জানিয়েছিলেন, অ্যালার্জিজনিত সমস্যায় অসুস্থ থাকায় তাঁর মক্কেল আদালতে আসতে পারেননি। এ কারণে পরবর্তী শুনানির দিন ধার্য করার আবেদন করা হয়েছিল।

আদালত সূত্রে জানা যায়, বুধবার মামলার বাদী আদালতে উপস্থিত হয়ে পরীমণিসহ তিন আসামির জামিন বাতিলের আবেদন করেন। ওই আবেদনের শুনানির সময় আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে আদালত পরীমণির জামিন বাতিল করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর