শিরোনাম

নীলফামারীতে নিয়োগ বঞ্চিত শিক্ষকদের অবস্থান কর্মসূচি

নীলফামারীতে নিয়োগ বঞ্চিত শিক্ষকদের অবস্থান কর্মসূচি

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া শিক্ষকদের দ্রুত নিয়োগের দাবিতে নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলার নিয়োগবঞ্চিত শিক্ষকরা জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে সমবেত হন। পরে দুপুরে তারা কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, নীলফামারী জেলায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এ চূড়ান্তভাবে ২১৯ জন সুপারিশপ্রাপ্ত হন। এর মধ্যে ৬ জন প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় বাদ পড়েন। বাকি ২১৩ জন কাগজপত্র জমা দিলেও তাদের মধ্যে ১৬২ জনের অনুকূলে নিয়োগপত্র ইস্যু করা হয়।

উপজেলাভিত্তিক নিয়োগপ্রাপ্তদের মধ্যে জলঢাকায় ৬২ জন, কিশোরগঞ্জে ৪৭ জন, সৈয়দপুরে ২০ জন, ডিমলায় ১৬ জন, ডোমারে ১৩ জন এবং নীলফামারী সদরে ৪ জন রয়েছেন।

অন্যদিকে, কাগজপত্র জমা দেওয়া ২১৩ জনের মধ্যে ৫১ জন শিক্ষক নিয়োগ তালিকা থেকে বাদ পড়েছেন। কী কারণে তাদের বাদ দেওয়া হয়েছে, তা জানতে সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে গেলেও কোনো কর্মকর্তার কাছ থেকে সুস্পষ্ট তথ্য পাননি বলে জানান আন্দোলনকারীরা। পরে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারীদের দাবি, চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত সবাই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। তাই একই তারিখে সব সুপারিশপ্রাপ্ত শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত নিয়োগপত্র দেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম জানান, তিনি বর্তমানে প্রাতিষ্ঠানিক কাজে রংপুরে অবস্থান করছেন। বাদ পড়া শিক্ষকদের বিষয়ে ওপর মহল থেকে কোনো নতুন নির্দেশনা এলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর