শিরোনাম

সংকটাপন্ন ন্যাশনাল ব্যাংকের এমডির দায়িত্ব ছাড়লেন আদিল চৌধুরী

সংকটাপন্ন ন্যাশনাল ব্যাংকের এমডির দায়িত্ব ছাড়লেন আদিল চৌধুরী

আর্থিক সংকটে থাকা ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদিল চৌধুরী পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে চলতি সপ্তাহের শুরুতে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন।

ব্যাংক সূত্রে জানা গেছে, পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেকে আদিল চৌধুরী নিয়মিত ব্যাংকে যাচ্ছেন না। ন্যাশনাল ব্যাংক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গত বছরের ৭ জুলাই তিন বছরের জন্য ন্যাশনাল ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আদিল চৌধুরী। এর আগে তিনি ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তার পূর্বসূরি মো. তৌহিদুল আলম খানও মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছিলেন।

আদিল চৌধুরীর পদত্যাগের সময় ন্যাশনাল ব্যাংক উচ্চ খেলাপি ঋণ, ধারাবাহিক লোকসান এবং আমানত প্রত্যাহারের চাপের মধ্যে রয়েছে। ব্যাংকটি ২০২২ সাল থেকে ধারাবাহিকভাবে লোকসান গুনছে। খেলাপি ঋণ ও বিভিন্ন আর্থিক অনিয়মের কারণে ব্যাংকটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ প্রায় ৮ হাজার ৯০০ কোটি টাকায় পৌঁছেছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ব্যাংককে রাজধানীর পান্থপথে নির্মাণাধীন ‘টুইন টাওয়ার’ ভবন ইজারা দেওয়ার অনুমতি দিয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে দীর্ঘদিন সিকদার গ্রুপ ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণে ছিল। তবে ২০২৪ সালে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের পর গ্রুপটি ব্যাংকটির নিয়ন্ত্রণ হারায়। বর্তমানে মাল্টিমোড গ্রুপ, হোসাফ গ্রুপ ও আর্মানা গ্রুপের পরিবারের সদস্যরা ব্যাংকটির পরিচালনায় যুক্ত রয়েছেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর