শিরোনাম

নীলফামারীতে নানা কর্মসূচিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

নীলফামারীতে নানা কর্মসূচিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

নীলফামারীতে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে জেলা প্রশাসন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ দিবসের বিভিন্ন আয়োজনে অংশ নেন।

বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে শহরের বিডি হল সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এরপর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন সংরক্ষিত নারী সংসদ সদস্য বিলকিস ইসলাম, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ফরহাদ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজ নুজহাত তাসনীন আওনসহ অন্যান্যরা।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এদিকে, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলাতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। সকালে ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদ নাঈম বাবুর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম।

আলোচনা সভায় বক্তব্য দেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ডালিম, এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম লাবু, প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ, শহীদ মুন্নার বোন সুমাইয়া আক্তার এবং জুলাই যোদ্ধা মোতালেব হোসেন, বাপ্পি আহমেদ ও জাহিদ হাসানসহ অন্যান্যরা।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহীদদের আত্মত্যাগের মূল্যায়ন এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর