নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে নির্মাণাধীন উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম প্রকল্প ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে। জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই প্রকল্প এলাকার পাশের নদী থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে নির্মাণকাজে ব্যবহারের অভিযোগ রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে ৫৮৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন গুরুত্বপূর্ণ প্রকল্পটির নিরাপত্তা ও স্থায়িত্ব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পাশাপাশি প্রকল্পের কাজের অগ্রগতি ২০ শতাংশও না হলেও ইতোমধ্যে ২৭০ কোটি টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, উড়িরচর-নোয়াখালী অংশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পটির কাজ নৌবাহিনীর তত্ত্বাবধানে করছে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (পিডিএল)।
অভিযোগ রয়েছে, জেলা প্রশাসনের অনুমোদন ছাড়াই প্রকল্প এলাকার পাশ থেকে একাধিক ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। পরে সেই বালু নির্মাণকাজে ব্যবহার করা হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলনের ফলে নদীভাঙনের ঝুঁকি বাড়তে পারে। এতে ক্রসড্যাম প্রকল্পের স্থায়িত্বও হুমকির মুখে পড়তে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ড্রেজারচালক জানান, পানি উন্নয়ন বোর্ডের জেলা পর্যায়ের নির্বাহী কর্মকর্তাদের অনুমতি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান তাঁদের কাজে নিয়োগ দিয়েছে। তাঁরা নদী থেকে বালু উত্তোলন করে প্রকল্প এলাকায় সরবরাহ করছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্মতি ছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে এভাবে বালু উত্তোলন করে নির্মাণকাজ চালানো সম্ভব নয়। তাঁদের আশঙ্কা, নদীভাঙন রোধের উদ্দেশ্যে নির্মিত ক্রসড্যামই অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে ঝুঁকিতে পড়তে পারে। এতে বিপুল সরকারি অর্থ ব্যয়ে নেওয়া প্রকল্পটির মূল উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম রেফাত জামিল বলেন, বালু উত্তোলনের অনুমতি চেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের আবেদনটি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। প্রকল্পের কাজ নৌবাহিনী করছে জানিয়ে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি।
প্রকল্পের পরিচালক কমান্ডার রাফি বলেন, একনেকে প্রকল্পটি অনুমোদনের সময় উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) বালু উত্তোলনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে অনুমতির জন্য জেলা প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে।
নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, এভাবে বালু উত্তোলনের অনুমতি কাউকে দেওয়া হয়নি। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠানো হলে সেটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। তবে অনুমোদন না দিয়ে তা ফেরত পাঠানো হয়েছে। এরপরও বালু উত্তোলন অব্যাহত থাকলে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ মো. ফখরুল ইসলাম বলেন, প্রকল্পের কাজে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। বিষয়টি জানার পর তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
৫৮৮ কোটি টাকার এ প্রকল্পে অনুমোদনহীন বালু উত্তোলনের অভিযোগ, নির্মাণকাজের অগ্রগতি এবং বিপুল পরিমাণ অর্থ উত্তোলনের বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নদীভাঙন রোধে নেওয়া প্রকল্পটি যেন নতুন করে নদীভাঙন ও জনদুর্ভোগের কারণ না হয়, সে জন্য অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রকল্পের কাজে কার্যকর নজরদারি নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।