শিরোনাম

প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে পঞ্চগড়ে যুবকের ৩ মাসের জেল

প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে পঞ্চগড়ে যুবকের ৩ মাসের জেল

পঞ্চগড়ে প্রকাশ্যে গাঁজা সেবন করে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে মো. মামুন (৩২) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রোববার (১৬ আগস্ট) রাতে পঞ্চগড় সদর উপজেলার পশ্চিম মোলানী গ্রামের মিজানুর রহমানের দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা সুলতানা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষার্থে সদর থানার এসআই (নিরস্ত্র) চন্দন কুমার রায়ের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল। এ সময় মামুনকে গাঁজা সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার সময় হাতেনাতে আটক করা হয়।

স্থানীয়দের অভিযোগ, মামুন প্রায়ই মাদক সেবন করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পরে এসআই চন্দন কুমার রায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনেন। অপরাধটি ভ্রাম্যমাণ আদালতের সামনে সংঘটিত হওয়ায় মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৬ ধারার ক্ষমতাবলে অভিযোগটি আমলে নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ পড়ে শোনানো হলে মামুন নিজের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। তার জবানবন্দি লিপিবদ্ধ এবং দুইজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এ সময় তার কাছ থেকে একটি প্লাস্টিকের কৌটায় আনুমানিক পাঁচ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা গাঁজা ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।

আদালত দোষ স্বীকারোক্তি, সাক্ষ্য-প্রমাণ ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় মামুনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। তিনি অর্থদণ্ডের টাকা তাৎক্ষণিক পরিশোধ করেন।

রায় কার্যকরের জন্য সাজা পরোয়ানামূলে মামুনকে পঞ্চগড় জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা সুলতানা বলেন, “মাদকের বিরুদ্ধে প্রশাসন সোচ্চার রয়েছে। মাদক নির্মূলে জনসাধারণসহ সচেতন মহলের সহযোগিতা প্রয়োজন। মাদক সেবন ও প্রকাশ্যে জনশৃঙ্খলা বিনষ্টের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর