শিরোনাম
বরিশালে খেলাঘরের সম্মেলন ও শিশু সমাবেশ অনুষ্ঠিত
বরিশালে খেলাঘরের সম্মেলন ও শিশু সমাবেশ অনুষ্ঠিত

বরিশাল নগরীতে আনন্দঘন পরিবেশে “আমরা চাই কি, শিক্ষা শান্তি—আমরা কারা, শান্তির পায়রা” শ্লোগানকে সামনে রেখে খেলাঘর-এর জেলা সম্মেলন ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। খেলাঘরের মতো সংগঠন শিশুদের সৃজনশীল, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. শিল্পী কাজী মোজাম্মেল হোসেন, প্রেসিডিয়াম সদস্য জীবন কৃষ্ণ দে এবং সাধারণ সম্পাদক রেজাউল কবীর।

বক্তারা সংগঠনটির দীর্ঘ পথচলা, শিশু অধিকার রক্ষা এবং সৃজনশীল বিকাশে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

দিনব্যাপী আয়োজনে বরিশাল জেলার বিভিন্ন স্থান থেকে আগত বিপুলসংখ্যক শিশু, সংগঠক ও অভিভাবক অংশগ্রহণ করেন। উদ্বোধন উপলক্ষে পতাকা উত্তোলন, ফেস্টুন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠান শুরু করা হয়।

পরে শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা এবং সংগঠনভিত্তিক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

আয়োজকদের মতে, শিশুদের সৃজনশীলতা বিকাশ, মানবিক মূল্যবোধ চর্চা এবং অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল লক্ষ্য।