শিরোনাম

এনটিআরসিএর মৌখিক পরীক্ষার সূচি ঘোষণার দাবিতে নীলফামারীতে স্মারকলিপি

এনটিআরসিএর মৌখিক পরীক্ষার সূচি ঘোষণার দাবিতে নীলফামারীতে স্মারকলিপি

অষ্টম এনটিআরসিএর (NTRCA) প্রতিষ্ঠান প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা এবং দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্নের দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে নীলফামারী জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে স্মারকলিপি দিয়েছেন উত্তীর্ণ শিক্ষকরা।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান স্মারকলিপি গ্রহণ করেন।

এ সময় সিনিয়র সহকারী শিক্ষক ইসবাদ হোসেন বাবু, সুবাস চন্দ্র রায়, নজরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, দেশের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে যোগ্য ও স্থায়ী প্রতিষ্ঠান প্রধানের অভাবে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালিত হওয়ায় শিক্ষা ব্যবস্থায় স্থবিরতা তৈরি হয়েছে।

শিক্ষকরা জানান, স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগের লক্ষ্যে গত ১৮ এপ্রিল এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২২ এপ্রিল ফল প্রকাশ করা হলেও এখনো মৌখিক পরীক্ষার কোনো সময়সূচি ঘোষণা করা হয়নি।

রামগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুবাস চন্দ্র রায় বলেন, ফল প্রকাশের দীর্ঘ সময় পার হলেও মৌখিক পরীক্ষা না হওয়ায় উত্তীর্ণ হাজারো চাকরিপ্রার্থীর মধ্যে হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। দ্রুত মৌখিক পরীক্ষা গ্রহণ করে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার দাবি জানান তিনি।

তিনি আরও জানান, একই দাবিতে মঙ্গলবার সারাদেশে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। এছাড়া আগামী ১ আগস্ট সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

শিক্ষকদের আশা, সরকার দ্রুত মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে, এতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিনের প্রশাসনিক সংকট দূর হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর