শিরোনাম

বকশীগঞ্জে নিজ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

বকশীগঞ্জে নিজ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে নিজ বসতঘর থেকে আলাল মিয়া (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া মণ্ডলবাড়ি এলাকার নিজ বসতঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। আলাল ওই গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আলাল সপরিবারে ঢাকায় থাকতেন এবং রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার (১২ অক্টোবর) দুপুরের পর তিনি একাই ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ঘরের দরজা না খোলায় তাঁর ফুফু তুহুরা (৬০) সন্দেহ করেন। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জানালার একাংশ ভেঙে ভেতরে তাকালে আলালের ঝুলন্ত মরদেহ দেখতে পান। তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন।

খবর পেয়ে বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ ঘটনাস্থলে গিয়ে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

প্রতিবেশী খশরু জানান, আলাল তীব্র আর্থিক সংকটে ছিলেন এবং ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। প্রায় পাঁচ মাস আগে সৌদি আরব থেকে নিঃস্ব অবস্থায় দেশে ফেরেন তিনি। নিজস্ব জমি না থাকায় অন্যের জমিতে ঘর তুলে পরিবার নিয়ে বসবাস করতেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর