একসময় বিশাল কারখানার কর্মচাঞ্চল্য নিয়ন্ত্রণ এবং হাজারো শ্রমিকের কাজের সময় জানানোর অন্যতম প্রধান মাধ্যম ছিল লোহার ঘণ্টা। বিদ্যুৎ, সাইরেন কিংবা আধুনিক যোগাযোগব্যবস্থা সহজলভ্য হওয়ার আগে কারখানায় কাজ শুরু, বিরতি ও ছুটির সংকেত দিতে বাজানো হতো বড় আকারের এসব ঘণ্টা।
নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় এখনো সংরক্ষিত রয়েছে ব্রিটিশ আমলের সেই সময়ের একটি লোহার ঘণ্টা। কারখানার প্রধান ফটকের পূর্ব পাশে থাকা ঘণ্টাটি পুরোনো রেলওয়ে কারখানার কর্মপরিবেশ ও সময় ব্যবস্থাপনার স্মৃতি বহন করছে।
১৮৭০ সালে প্রতিষ্ঠিত সৈয়দপুর রেলওয়ে কারখানা দেশের প্রাচীন ও বৃহৎ রেলওয়ে কারখানাগুলোর একটি। স্থানীয়ভাবে প্রচলিত তথ্য অনুযায়ী, ব্রিটিশ আমলে কারখানায় স্থাপন করা হয় এই লোহার ঘণ্টা। একসময় কারখানার দৈনন্দিন কার্যক্রমে এর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

তৎকালীন সময়ে বর্তমানের মতো বৈদ্যুতিক সাইরেন, ডিজিটাল ঘড়ি বা লাউড স্পিকার না থাকায় শ্রমিকদের সময় জানানোর জন্য ঘণ্টার ওপর নির্ভর করতে হতো। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি লোহার দণ্ড দিয়ে ঘণ্টায় আঘাত করে নির্দিষ্ট সময়ের সংকেত দিতেন। এর শব্দ কারখানার আশপাশের এলাকাতেও শোনা যেত বলে স্থানীয়দের ভাষ্য।
কাজ শুরুর সময়, শিফট পরিবর্তন, দুপুরের বিরতি কিংবা ছুটির সংকেত জানাতেও ঘণ্টাটি ব্যবহার করা হতো। ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে শ্রমিকরা কাজ বন্ধ করে নির্ধারিত বিরতিতে যেতেন। কোনো দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতি তৈরি হলে সতর্ক সংকেত হিসেবেও ঘণ্টা বাজানোর প্রচলন ছিল বলে সংশ্লিষ্টদের কাছ থেকে জানা যায়।
কারখানার এই ঘণ্টার শব্দ শুধু শ্রমিকদের সময়ের হিসাবই জানাত না, আশপাশের মানুষের দৈনন্দিন জীবনেও এর প্রভাব ছিল। স্থানীয়দের অনেকেই ঘণ্টার শব্দ শুনে নিজেদের কাজের সময় নির্ধারণ করতেন বলে জানা যায়।
তবে সময়ের সঙ্গে প্রযুক্তির পরিবর্তনে লোহার ঘণ্টার ব্যবহার কমে আসে। পরে বাষ্পীয় হুইসেল, বৈদ্যুতিক সাইরেন এবং আধুনিক পাবলিক অ্যাড্রেস (পিএ) সিস্টেম চালু হলে ঘণ্টার ঐতিহ্যবাহী ব্যবহার ধীরে ধীরে বিলুপ্ত হয়।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ বলেন, বর্তমানে লোহার ঘণ্টাটি নিয়মিত ব্যবহার করা হয় না। বিশেষ প্রয়োজনে মাঝেমধ্যে ব্যবহার করা হলেও মূলত দর্শনার্থীদের দেখানোর জন্য এটি সংরক্ষণ করা হয়েছে। বর্তমানে শ্রমিকদের সময় জানানোর জন্য কারখানায় বাষ্পীয় হুইসেল ব্যবহার করা হয়।
প্রযুক্তির পরিবর্তনে দৈনন্দিন কাজে ঘণ্টাটির প্রয়োজন ফুরিয়ে গেলেও সৈয়দপুর রেলওয়ে কারখানায় এটি এখনো অতীতের কর্মচাঞ্চল্য ও রেলওয়ের দীর্ঘ ইতিহাসের একটি স্মারক হয়ে রয়েছে।