শিরোনাম

স্বামীর মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে স্ত্রীর মৃত্যু, পাশাপাশি দাহ

স্বামীর মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে স্ত্রীর মৃত্যু, পাশাপাশি দাহ

পঞ্চগড়ের আটোয়ারীতে স্বামীর মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে স্ত্রীরও মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বাড়ির পাশের রেললাইনের কাছ থেকে স্ত্রী নিত্য বালা বর্মনের মরদেহ উদ্ধার করা হয়। পরে স্বামী-স্ত্রীর মরদেহ পাশাপাশি চিতায় দাহ করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার রাধানগর ইউনিয়নের মালিগাঁও গ্রামে। মৃত দম্পতি হলেন ওই এলাকার হরেন্দ্রনাথ বর্মন ও তার স্ত্রী নিত্য বালা বর্মন। হরেন্দ্রনাথ স্থানীয় একটি মন্দিরের পূজারি ছিলেন। তার সঙ্গে স্ত্রীও নিয়মিত ধর্মীয় কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, সোমবার রাত ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান হরেন্দ্রনাথ। এরপর স্বামীর মৃত্যুর শোকে রাতভর কান্নাকাটি করেন নিত্য বালা। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে রেললাইনের পাশে তার মরদেহের সন্ধান পাওয়া যায়।

মৃত হরেন্দ্রনাথের ছেলে রবীন চন্দ্র বর্মণ বলেন, তার বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। সোমবার রাতে তিনি মারা যান। তার মা বাবাকে খুব ভালোবাসতেন এবং সারারাত বাবার পাশে ছিলেন। সকালে মাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করা হয়। পরে রেললাইনের পাশে তার মরদেহ পাওয়া যায়।

তিনি বলেন, একই দিনে বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। পরিবারের জন্য সবার কাছে আশীর্বাদ কামনা করেন তিনি।

প্রতিবেশী যতীন চন্দ্র বর্মণ বলেন, ছোটবেলা থেকেই তিনি হরেন্দ্রনাথ ও নিত্য বালার দাম্পত্য জীবন দেখে আসছেন। স্বামীর মৃত্যুর পর নিত্য বালার মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক নেমে এসেছে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ঘটনার পর পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে সৎকার করেছেন। পরে পুলিশ বিষয়টি জানতে পারে। ঘটনাটি রেললাইনের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর