শিরোনাম

ফকিরহাটে ভয়াবহ আগুনে দুই নারীর তিন ঘর পুড়ে ছাই, ক্ষতি ১০ লাখের বেশি

ফকিরহাটে ভয়াবহ আগুনে দুই নারীর তিন ঘর পুড়ে ছাই, ক্ষতি ১০ লাখের বেশি

বাগেরহাটের ফকিরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর তিনটি বসতঘর ও ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় দুই পরিবারের ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হোচলা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন হোচলা গ্রামের মৃত সুভাষ মণ্ডলের স্ত্রী শীলা মণ্ডল এবং কৃষ্ণপদ মণ্ডলের স্ত্রী দোলা মণ্ডল।

ফায়ার সার্ভিস, ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানান, রোববার সকালে হঠাৎ শীলা মণ্ডল ও দোলা মণ্ডলের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুনের শেষ অংশ নিয়ন্ত্রণে আনে।

ততক্ষণে তিনটি ঘরসহ নগদ টাকা, স্বর্ণালংকার, টেলিভিশন, ফ্রিজ, ল্যাপটপ, সেলাই মেশিন, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত শীলা মণ্ডল ও দোলা মণ্ডল বলেন, ভয়াবহ আগুনে তাঁদের ঘরের সবকিছু পুড়ে গেছে। এতে ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

ফকিরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান মিয়া বলেন, আগুনের খবর দেরিতে পাওয়ায় সময়মতো ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। আগুনে তিনটি ঘরের সব মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ওই দুই পরিবারের মধ্যে চরম হতাশা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবার দুটির পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর