শিরোনাম
ক্ষতি ৫ লাখ টাকা

ভোলায় বিরোধীয় জমির শত শত গাছ কেটে নেওয়ার অভিযোগ

ভোলায় বিরোধীয় জমির শত শত গাছ কেটে নেওয়ার অভিযোগ

ভোলা সদর উপজেলার পাঙ্গাশিয়া মৌজায় বিরোধীয় প্রায় এক একর জমির শত শত ফলদ ও বনজ গাছ এবং কলাগাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় টানা দুই দিন ধরে এসব গাছ কেটে নেওয়া হয়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার কাজ বন্ধ করে দেয়। এদিকে গাছের মালিকদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

জমির মালিকদের পক্ষে মো. ফারুক জানান, তাঁর নানা আবদুল মুনাফ খরিদ সূত্রে জমিটির মালিক হয়ে দীর্ঘ ৬০ বছরের বেশি সময় ধরে ভোগদখলে রয়েছেন। ওই জমিতে বিভিন্ন ধরনের ফলদ ও বনজ গাছ রয়েছে। এছাড়া প্রায় ৪০ শতাংশ জমিতে কলাবাগান ছিল।

ফারুকের অভিযোগ, কয়েক বছর ধরে কাশেম মাতব্বরের নেতৃত্বাধীন একটি পক্ষ ওই জমি নিজেদের ক্রয় করা বলে দাবি করে জবরদখলের চেষ্টা চালিয়ে আসছে। বিষয়টি পরে আদালত পর্যন্ত গড়ায়। আদালত তাঁদের পক্ষে রায় দেন বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, রায়ের পর কয়েক বছর অপর পক্ষ নীরব থাকলেও গত ১৫ আগস্ট কাশেম মাতব্বর, সুজন ও মাইনুলের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের জমিতে প্রবেশ করে। পরে তারা শত শত ফলদ ও বনজ গাছ কেটে নিয়ে যায়। একই সঙ্গে প্রায় ৪০ শতাংশ জমির এক হাজার থেকে দেড় হাজার কলাগাছ কেটে ফেলে।

এতে তাঁদের পাঁচ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেন ফারুক।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর