দীর্ঘদিন ধরে অবহেলায় থাকা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসাসেবার মান, জনবল ও অবকাঠামোগত সংকট দূর করতে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একই সঙ্গে হাসপাতালকে ঘিরে কোনো ধরনের ‘সিন্ডিকেট’ থাকলে তা নির্মূলের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
অন্যদিকে, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি ও অংশীজনদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন। পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা জানান, পুরোনো ভবনের পরিবর্তে নতুন অবকাঠামো নির্মাণ করা হলেও হাসপাতালটি এখনো পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা দেওয়ার উপযোগী হয়ে ওঠেনি। প্রয়োজনীয় চিকিৎসক, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য সুযোগ-সুবিধার ঘাটতির কারণে রোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র যেতে হচ্ছে।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, সরকারি হাসপাতালের পরিচালনা কোনো ব্যক্তি বা সাংগঠনিক ফান্ডের ওপর নির্ভর করতে পারে না। এ ক্ষেত্রে সরকারের সরাসরি সম্পৃক্ততা থাকতে হবে।
হাসপাতালকে ঘিরে কথিত ‘আন্ডারগ্রাউন্ড সিন্ডিকেট’-এর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি চিকিৎসাসেবার মান নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দেন তিনি।
সারজিস আলম বলেন, পঞ্চগড় সদর হাসপাতালে প্রতি মাসে প্রায় ৪০ হাজার মানুষ চিকিৎসাসেবা নিচ্ছেন। অথচ হাসপাতালে এমআরআই ও সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা সরঞ্জামের সংকট রয়েছে। এতে রোগীদের ভোগান্তি বাড়ছে।
তিনি বলেন, “রাজনৈতিক মতপার্থক্য থাকলেও মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
মতবিনিময় সভায় পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, চিকিৎসক ও হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।