দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। তিনি বলেন, ডেঙ্গু একটি জনস্বাস্থ্যগত চ্যালেঞ্জ। এ রোগের বিস্তার রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মহাপরিচালক বলেন, ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ মানুষকেও নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা অপসারণ করতে হবে। বাসাবাড়ির আঙিনা, অলিগলি ও আশপাশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সক্রিয় হতে হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতার মাধ্যমে এ রোগের বিস্তার রোধ করা সম্ভব।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং রোগীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় রংপুর বিভাগীয় পরিচালক ডা. মোহাম্মদ ওয়াজেদ আলী, নীলফামারীর সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক এবং সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নূরুল হুদা উপস্থিত ছিলেন।