গাজীপুরের কালীগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কালীগঞ্জের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ.কে.এম. ফজলুল হক মিলন।
কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে উপজেলার ৩০০ জন কৃষকের মাঝে ১ হাজার ৫০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা, ৭ হাজার ৫০০ কেজি জৈব সার, ১ হাজার ৫০০টি বাঁশের খুঁটি, লেবুর চারা, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, রাসায়নিক সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হবে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. কামরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হুমায়ুন কবির।
এছাড়া উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিন সুলতানা ও মাহফুজা আক্তার, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মনির উদ্দিন মোল্লাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, কৃষক, সাংবাদিক এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণ এবং বৃক্ষরোপণের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতেই এ ধরনের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের এই সহায়তা কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিকভাবে আরও স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।