ঠাকুরগাঁও প্রতিনিধি>ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পলাশবাড়ী মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির ডিম খেয়ে প্রায় ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। পরে তাদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ডিম খাওয়ার পর একে একে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের কর্মকর্তারা হাসপাতালে গিয়ে অসুস্থ শিক্ষার্থীদের খোঁজখবর নেন।
এদিকে, স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে একের পর এক শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, খাবার সরবরাহ, সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থায় যথাযথ তদারকি রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
স্থানীয়রা ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের দৃষ্টি আকর্ষণ করে খাবারের মান, সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থার বিষয়ে কার্যকর তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহাদুজ্জামান সজীব বলেন, অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
জসীমউদ্দিন ইতি
ঠাকুরগাঁও
০১৭৫১০৭৯৮২৩