জামালপুরের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯৮ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
সোমবার (২ নভেম্বর) প্রকাশিত বিজিবির তথ্য অনুযায়ী, রোববার দিবাগত মধ্যরাতে জামালপুর ৩৫ বিজিবির অধীন দাঁতভাঙা বিওপির সদস্যরা সীমান্তবর্তী গাছবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের ১০৫৩ নম্বর পিলারের কাছাকাছি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। তবে মদের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ পণ্য প্রবেশ ও পাচার রোধে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।