গোপালগঞ্জে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। সোমবার (২৩ নভেম্বর) ভোর থেকে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক ছিল। সড়কে মানুষের চলাচলও ছিল চোখে পড়ার মতো। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন ও টহল দিতে দেখা গেছে।
এদিকে আওয়ামী লীগের ঘোষিত ২২ থেকে ৩০ নভেম্বরের কর্মসূচির অংশ হিসেবে রোববার বেলা ১১টার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী, মুকসুদপুর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় দলটির নেতাকর্মীরা মিছিল বের করেন। জেলার বিভিন্ন স্থানে এসব কর্মসূচি পালন করতে দেখা যায় তাদের।
অন্যদিকে, রোববার সন্ধ্যার পর গোপালগঞ্জ শহরে ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও মিছিল করেন। মিছিলটি শহরের লঞ্চঘাট এলাকার ব্রিজের কাছে গিয়ে কিছু সময় অবস্থান করে।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মধ্যরাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, সদর উপজেলার বোরাশী ও কাঁঠি ইউনিয়নে বিজিবি অভিযান চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এ সময় স্থানীয় লোকজন মাইকে ঘোষণা দিয়ে বিজিবির কার্যক্রমে বাধা দেন বলে দাবি করা হচ্ছে। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে মধ্যরাতের অভিযান ও সেখানে বাধার ঘটনা সম্পর্কে বিজিবির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।