শিরোনাম

নীলফামারীতে পুকুরপাড় থেকে ককটেলসদৃশ চারটি বস্তু উদ্ধার

নীলফামারীতে পুকুরপাড় থেকে ককটেলসদৃশ চারটি বস্তু উদ্ধার

নীলফামারী সদর উপজেলার গাছবাড়ি বনবিভাগ এলাকার একটি পুকুরপাড় থেকে লাল টেপে মোড়ানো চারটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ নভেম্বর) সকালে এসব বস্তু উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বস্তুগুলো প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সকাল ১০টার দিকে টুপামারী ইউনিয়নের গাছবাড়ি বনবিভাগ এলাকার আইজুল ইসলামের পুকুরপাড় থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা মফিজার রহমান জানান, সকালে চিৎকার-চেঁচামেচি শুনে ঘটনাস্থলে গিয়ে পুকুরপাড়ে লাল টেপে মোড়ানো চারটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।

টুপামারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মজিবর রহমান বলেন, ককটেলসদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। পরে পুলিশ এসে বস্তুগুলো উদ্ধার করে। এ ঘটনায় আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আইজুল ইসলামের পুকুরপাড় থেকে লাল টেপে মোড়ানো চারটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার করা বস্তুগুলো নিরাপদ স্থানে রাখা হয়েছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল পরীক্ষা করার পর বস্তুগুলোর প্রকৃত ধরন ও ঝুঁকির বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, পরীক্ষা-নিরীক্ষার আগে উদ্ধার করা বস্তুগুলোকে প্রকৃত বোমা বা বিস্ফোরক হিসেবে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর