শিরোনাম

ফেলে দেওয়া কাপড়ের টুকরোয় তৈরি হচ্ছে শীতবস্ত্র, সৈয়দপুরে শতকোটি টাকার বাণিজ্য

ফেলে দেওয়া কাপড়ের টুকরোয় তৈরি হচ্ছে শীতবস্ত্র, সৈয়দপুরে শতকোটি টাকার বাণিজ্য

উত্তরের জেলা নীলফামারীর সৈয়দপুরে জেঁকে বসেছে শীত। এর সঙ্গে বেড়েছে শীতের পোশাক তৈরির ব্যস্ততা। ঢাকা ও দেশের বিভিন্ন স্থানের পোশাক কারখানা থেকে সংগ্রহ করা কাপড়ের টুকরো দিয়ে তৈরি হচ্ছে আকর্ষণীয় শীতবস্ত্র। এ শিল্পকে ঘিরে সৈয়দপুরে গড়ে উঠেছে শতকোটি টাকার বাণিজ্য।

বাণিজ্যিক শহর হিসেবে পরিচিত সৈয়দপুরে তৈরি শীতের পোশাকের চাহিদা রয়েছে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায়। শীত মৌসুমে গরম কাপড় কিনতে এই শহরে ভিড় করেন বিভিন্ন জেলার মানুষ। প্রতিবছর শীতকে ঘিরে এখানে গড়ে ওঠে কর্মচাঞ্চল্য। চট্টগ্রাম, ঢাকা, সাভার ও গাজীপুরের আধুনিক পোশাক কারখানার কাটিং টেবিল থেকে ফেলে দেওয়া কাপড়ের টুকরো সংগ্রহ করে সৈয়দপুরে তৈরি করা হচ্ছে নানা ধরনের পোশাক।

ফেলে দেওয়া এসব কাপড় পুনর্ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন বর্জ্য কমছে, অন্যদিকে তুলনামূলক কম দামে নতুন পোশাক পাচ্ছেন ক্রেতারা। একই সঙ্গে কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ তৈরি হয়েছে স্থানীয়ভাবে। ফলে এটি এখন আর কেবল কুটিরশিল্পে সীমাবদ্ধ নেই; সৈয়দপুরের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শহরের মুন্সিপাড়া, নয়াটোলা, বাঁশবাড়ি, চাঁদনগর ও হাতিখানাসহ বিভিন্ন এলাকায় গেলে শোনা যায় সেলাই মেশিনের একটানা শব্দ। উপজেলার বোতলাগাড়ী, কামারপুকুর ও বাঙ্গালীপুর ইউনিয়নের বিভিন্ন স্থানেও গড়ে উঠেছে পোশাক তৈরির কারখানা। টিনের চালার ছোট ঘর থেকে শুরু করে বিভিন্ন ভবনে দিন-রাত কাজ করছেন কারিগরেরা।

সরেজমিনে দেখা গেছে, সৈয়দপুরের বিভিন্ন এলাকায় ৫০০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি পোশাক কারখানা রয়েছে। এর অধিকাংশই প্লাজা সুপার মার্কেট ও আশপাশের এলাকায় অবস্থিত। কারিগরদের দাবি, তাঁদের তৈরি শীতের পোশাকের চাহিদা দেশের গণ্ডি পেরিয়ে ভারত, নেপাল ও ভুটানেও রয়েছে। এসব দেশে বিপুল পরিমাণ পোশাক রপ্তানি বা সরবরাহ করা হচ্ছে বলে জানান তাঁরা।

শুধু শীতবস্ত্র নয়, ঋতু ও উৎসবভেদে বদলে যায় কারখানাগুলোর উৎপাদন তালিকা। শীত মৌসুমে জ্যাকেট, হুডি ও ব্লেজার তৈরিতে ব্যস্ত থাকেন কারিগরেরা। ঈদকে সামনে রেখে তৈরি হয় বিভিন্ন নকশার প্যান্ট ও শার্ট। গরমের সময় তৈরি করা হয় থ্রি-কোয়ার্টার প্যান্ট, হাফপ্যান্ট ও হালকা ট্রাউজার।

একজন কারিগর দিনে সর্বোচ্চ ৩০টির মতো পোশাক কাটিং ও সেলাই করতে পারেন বলে জানান সংশ্লিষ্টরা। সারাদিন পরিশ্রম করে তাঁদের আয় হয় প্রায় ৫০০ থেকে ৬০০ টাকা।

সাজু নামের এক গার্মেন্টস মালিক বলেন, ২০০৫ সালের দিকে ঢাকার পোশাক কারখানা থেকে ফেলে দেওয়া কাপড়ের টুকরো তাঁরা কেজিপ্রতি ৮ থেকে ১০ টাকায় কিনতেন। বর্তমানে এসব কাপড়ের দাম বহুগুণ বেড়েছে। এর পাশাপাশি দালালের মাধ্যমে কাঁচামাল সংগ্রহ করায় উৎপাদন খরচও বাড়ছে। তারপরও পাইকারি পর্যায়ে একটি ফুল প্যান্ট ২৫০ থেকে ৩০০ টাকায় এবং উন্নত মানের জ্যাকেট ২০০ থেকে ৫০০ টাকায় বিক্রি করছেন তাঁরা। খুচরা বাজারে এসব পোশাকের দাম আরও বেশি।

জাবেদ নামের আরেক কারখানার মালিক বলেন, ছোট কারখানার মালিকেরা ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ পান না। ফলে জরুরি সংকট বা ব্যবসায়িক মন্দার সময় বাধ্য হয়ে দাদন ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিতে হয়। এতে লাভের বড় অংশ ঋণ পরিশোধে চলে যায়।

সৈয়দপুর বস্ত্র মালিক সমিতির সভাপতি সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, সৈয়দপুরে বসবাসকারী অবাঙালি জনগোষ্ঠীর অনেকের পেশাগত শিকড় পাকিস্তান আমলের দর্জি ও পোশাক তৈরির কাজের সঙ্গে যুক্ত। সেই সময়ের দর্জিদের বংশধরেরা এখনো এ পেশার ঐতিহ্য ধরে রেখেছেন। তাঁদের পাশাপাশি বাঙালিরাও এ শিল্পে কাজ করছেন। কারখানায় কাজের ক্ষেত্রে পরিচয়ের চেয়ে সেলাইয়ের দক্ষতাই বেশি গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ্ ফাতেহা তাকলিমা বলেন, সৈয়দপুর সত্যিই সম্ভাবনাময় একটি শহর। এখানকার মানুষ নিজেদের উদ্যোগে শহরটিকে শিক্ষানগরী ও বাণিজ্যিক শহর হিসেবে পরিচিত করেছেন। সরকারি উদ্যোগে গ্যাস সংযোগ এবং সহজ কিস্তিতে ব্যাংকঋণের সুবিধা পাওয়া গেলে সৈয়দপুরের বাণিজ্যিক সম্ভাবনা আরও বাড়বে। তাঁর মতে, এসব সুবিধা নিশ্চিত করা গেলে ঢাকার পর দেশের অন্যতম বাণিজ্যিক শহর হিসেবে গড়ে উঠতে পারে সৈয়দপুর।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর