শিরোনাম

টেকনাফে শতাধিক আইইডি, বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও অস্ত্র-গুলি উদ্ধার, আটক ২

টেকনাফে শতাধিক আইইডি, বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও অস্ত্র-গুলি উদ্ধার, আটক ২

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে শতাধিক ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযানে বিস্ফোরক ও অস্ত্র-গুলি পরিবহনে ব্যবহৃত দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, দেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতা ঘটানোর উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমার থেকে এসব বিস্ফোরক ও অস্ত্র-গুলি সংগ্রহ করে চোরাইপথে টেকনাফে নিয়ে আসে বলে তথ্য পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে এসব সরঞ্জাম উদ্ধারে সড়কে তল্লাশিচৌকি স্থাপন করে কক্সবাজার রামু সেক্টরের আওতাধীন টেকনাফ ২ বিজিবি।

তল্লাশির একপর্যায়ে অস্ত্র-গুলি ও বিস্ফোরকসহ দুই অটোরিকশাচালককে আটক করা হয়। এ সময় পাচারে ব্যবহৃত দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুলবিল এলাকার মো. ইব্রাহিম ও নতুন পল্লানপাড়া এলাকার মেহেদী হাসান। তাঁরা দুজনই অটোরিকশাচালক।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার রামু বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম। তিনি বলেন, উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর