শিরোনাম

রমজাইপুরে নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস পরিবেশ প্রতিমন্ত্রীর

রমজাইপুরে নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস পরিবেশ প্রতিমন্ত্রীর

বাগেরহাটের রামপালে মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। এ সময় তিনি নদীভাঙন রোধ ও গ্রাম সুরক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আশ্বাস দেন।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রামপালের রমজাইপুর গ্রামের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও তাঁর সঙ্গে ছিলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, প্রায় দেড় মাস আগে মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের ভাঙন এলাকা পরিদর্শনের পর নেওয়া উদ্যোগের অংশ হিসেবে রমজাইপুরে জিও ব্যাগ ফেলা হচ্ছে। তবে জিও ব্যাগ ফেলার পরও ভাঙন অব্যাহত থাকায় বিষয়টি নিয়ে সমীক্ষা ও পরিকল্পিতভাবে কাজ করা জরুরি।

তিনি বলেন, এখানকার নদীভাঙন সোজা ও খাড়া হওয়ায় তা প্রতিরোধ করা সহজ নয়। নদীর বাঁকগুলোর কারণে স্রোতের আঘাতে অপর পাড়েও ভাঙন অব্যাহত রয়েছে। নদীর বাঁক কীভাবে সংশোধন করা যায়, তা-ও সরেজমিনে পর্যবেক্ষণ করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এলাকায় খননকাজ করছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে ভাঙন রোধে একটি যৌক্তিক সমাধানে পৌঁছাতে হবে। এতে স্থানীয় মানুষের বাড়িঘর ও কৃষিজমি রক্ষা করা সম্ভব হবে।

তিনি বলেন, নদীভাঙনে মানুষ ঘরবাড়ি ও কৃষিজমি হারিয়ে কর্মহীন হয়ে পড়ছেন, অনেকে বাস্তুচ্যুত হচ্ছেন। তাঁদের পাশে দাঁড়ানো তাঁর নৈতিক দায়িত্ব। পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় সমীক্ষা শেষে প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠালে তার ভিত্তিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. মিরাজ মোল্লা, রায়েন্দার উপবিভাগীয় প্রকৌশলী মো. হুমায়ুন কবির এবং ভূটিয়ামারীর উপসহকারী প্রকৌশলী হোসনেয়ারা জামিল সুমানা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর