ময়মনসিংহে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা ডা. মমিনুর রহমান জিন্নাহকে আটকের পর থানায় না নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলামের বিরুদ্ধে। অর্থ লেনদেনের মাধ্যমে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে—এমন আলোচনাও চলছে স্থানীয়দের মধ্যে। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে নগরীর ভাটিকাশর এলাকার ডা. জিন্নাহর মালিকানাধীন নিরাময় ক্লিনিকে অভিযান চালায় পুলিশ। ডা. মমিনুর রহমান জিন্নাহ বর্তমানে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জেলা শাখার সভাপতি।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ক্লিনিকের ওপরের তলায় আওয়ামী লীগ নেতাদের নিয়ে নিয়মিত গোপন বৈঠক হয়—এমন তথ্যের ভিত্তিতে ওসি শিবিরুল ইসলামের নেতৃত্বে ২৭ সদস্যের একটি পুলিশ দল অভিযান চালায়। ওই তলায় আওয়ামী লীগ নেতারা অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ক্লিনিকের একাধিক তালা ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে ডা. জিন্নাহকে আটক করা হয়। তবে আটকের পর তাঁকে থানায় না নিয়ে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
অভিযানের পর আটকের পরও কেন তাঁকে থানায় নেওয়া হয়নি, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। কোনো ব্যক্তিকে আটকের পর ছেড়ে দেওয়ার ক্ষেত্রে কী ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, তা নিয়েও আলোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ওসি শিবিরুল ইসলাম ২০২৫ সালের ২৪ জুন থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত কোতোয়ালি মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। কয়েক মাস বিরতির পর ২০২৬ সালের ১১ মার্চ থেকে তিনি আবারও একই থানার দায়িত্বে রয়েছেন। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলেও তিনি এ থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।
এর আগেও আওয়ামী লীগ নেতাকে ছেড়ে দেওয়ার ঘটনায় ওসি শিবিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। চলতি বছরের শুরুর দিকে মহানগর আওয়ামী লীগ নেতা রিপন মিয়া ওরফে মাল্টি রিপনকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে। পরে অসুস্থতার কারণ দেখিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে ওসির বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালি মডেল থানায় জানতে চাইলে ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘অভিযান চালানোর পর দেখা গেছে তিনি অসুস্থ, তাই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।’
নাম প্রকাশ না করার শর্তে জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কাউকে আটকের পর ছেড়ে দেওয়ার ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। কোনো আসামি অসুস্থ হলে চিকিৎসার বিষয়টি বিবেচনায় নেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট চিকিৎসক ও আইনগত প্রক্রিয়ার বিষয় রয়েছে।
ময়মনসিংহ সদর আসনের বিএনপির সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ বলেন, ‘ওসির বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আমরা দলীয়ভাবে ডিআইজির কাছে তাঁকে প্রত্যাহার করতে বলেছি। তিনি আশ্বাস দিয়েছেন, দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবেন। ওসি এত ক্ষমতা কোথায় পান, তাঁর খুঁটির জোর কোথায়—এ বিষয়টিও খতিয়ে দেখা প্রয়োজন।’
অভিযোগের বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘কোনো আসামিকে ছেড়ে দেওয়ার বিষয়ে আইনে ওসির কিছু ক্ষমতা দেওয়া আছে। তবে অভিযানের পর অর্থ লেনদেনের মাধ্যমে যদি ওই আওয়ামী লীগ নেতাকে ছেড়ে দেওয়া হয়ে থাকে, তাহলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ’